ছবিতে শাবিপ্রবি লোগো ও দৃশ্যমান দেয়াল © টিডিসি ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত ৬ কিলোমিটার বিস্তৃত সীমানা প্রাচীর অবশেষে আজ (৩১ ডিসেম্বর) দৃশ্যমান হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার পর এই প্রথম সম্পূর্ণভাবে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সীমানা প্রাচীর চতুর্দিক দিয়ে মিলিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমরা আজকে প্রায় ৬ কিলোমিটার সীমানা প্রাচীরের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি। এটি আমাদের জন্য একটি খুশির খবর। এটি সম্পন্ন করতে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকেই অনেকভাবে আমাদের কাজে বাধা বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। আমরা কাজ করতে গেলে আমাদেরকে বাধা দিয়েছে। এলাকাবাসীদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে মিটিং মিছিল করেছে।
উপাচার্য বলেন, আগে যখন যার যেভাবে ইচ্ছা ক্যাম্পাসে প্রবেশ করতো। আমাদের শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে বেশ কয়েকবার চুরি হয়েছে। বাহির থেকে মাদক ব্যবসায়ীরা ক্যাম্পাসে এসে অনায়াসে মাদক বিক্রি করতো। বিশ্ববিদ্যালয় ছিলো মাদকের অভয়ারণ্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জঙ্গিরা আস্তানা গড়ে সেখানে থাকতো, সুযোগ পেলেই আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়তো। এসব ঝামেলা থেকে এখন বিশ্ববিদ্যালয়ের সবাই নিরাপদ।
‘পাশাপাশি সীমানা প্রাচীরের কাজ করতে গিয়ে সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি ফোর্স এবং গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সহায়তা না পেলে হয়তো এ কাজ শেষ করা সম্ভব হতো না। আগামীতে তাদেরকে সকল উন্নয়নমূলক কর্মকান্ডে পাশে পাবো বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
উল্লেখ্য, চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর সংযুক্ত হলেও দেয়াল ও তাঁরকাটা স্থাপন সংশ্লিষ্ট কাজ এখনো অবশিষ্ট রয়েছে। খুব শীঘ্রই এসকল আনুষাঙ্গিকতা শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।