জুবায়ের ও মাসুদ © টিডিসি ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবর ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক পদে মাসুদ আল রাজী (ডেইলী অবজারভার) নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার ও সহকারী কমিশনার হিসেবে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী কবীরসহ আরো অনেকেই ।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার বেলা সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে রাজীব হোসেন (সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জি এম ইমরান হোসেন (ইত্তেফাক), কোষাধ্যক্ষ পদে নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক পদে আব্দুল্লা আল মাসুদ (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নুরুল ইসলাম রুদ্র (কালের কন্ঠ), হাসান নাঈম (বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম) এবং রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস) নির্বাচিত হয়েছেন।
এসময় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার বলেন, সুষ্ঠু, সুন্দর ও অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
এছাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।