টেকনাফে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক, ব্যাহত জনজীবন

৩১ আগস্ট ২০২৬, ১০:২৬ AM
প্রতীকী ছবি; লোডশেডিং।

প্রতীকী ছবি; লোডশেডিং। © ফাইল ছবি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকেরা। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ড।

স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো এলাকায় একবার বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় পর ফিরে আসে। আবার বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই পুনরায় চলে যাচ্ছে। এতে ফ্যান, ফ্রিজ, পানির মোটরসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাচ্ছে না। বিশেষ করে রাতের লোডশেডিংয়ে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বাড়ছে।

টেকনাফের এক ব্যবসায়ী বলেন, ‘বিদ্যুৎ না থাকলে দোকানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। জেনারেটর বা বিকল্প ব্যবস্থা করে ব্যবসা চালানোও সবার পক্ষে সম্ভব নয়। নিয়মিত বিদ্যুৎ বিল দেওয়ার পরও যদি সেবা না পাওয়া যায়, তাহলে বিষয়টি খুবই হতাশাজনক।’

এক শিক্ষার্থী বলেন, ‘রাতে বিদ্যুৎ না থাকলে গরমের মধ্যে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে। পরীক্ষার সময় এ সমস্যা আরও বেশি ভোগান্তিতে ফেলে।’

স্থানীয় এক গৃহিণী বলেন, ‘দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। কখন বিদ্যুৎ থাকবে আর কখন থাকবে না—এটা বোঝা যায় না। গরমের মধ্যে ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়।’

নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধি রুবায়েত হোসাইন বলেন, ‘টেকনাফ সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানকার মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও জড়িত। ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকনাফে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

সাম্প্রতিক সময়েও টেকনাফে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে গ্রাহকদের ভোগান্তির খবর প্রকাশিত হয়েছে। এর আগে ৩৩ কেভি সঞ্চালন লাইনে গাছ পড়ে উখিয়া-টেকনাফে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘটনাও ঘটেছে।

এদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটি, সঞ্চালন লাইনের সমস্যা, রক্ষণাবেক্ষণ এবং চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতির কারণে সাময়িক লোডশেডিং করতে হয়। সমস্যা দেখা দিলে দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তবে গ্রাহকদের দাবি, সাময়িক ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট মেনে নেওয়া গেলেও নিয়মিত ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের স্থায়ী সমাধান প্রয়োজন। টেকনাফের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউইয়র্কের রাস্তায় গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ‘টের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬