চাঁবিপ্রবি ও ধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন © সংগৃহীত
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে চার বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) এ দায়িত্বে নিয়োগ দেয়।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ২১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগপর্যন্ত (যেটি আগে হবে) এ পদে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম সিদ্দিকী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।