পিবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ছবিরুল ইসলাম

১০ জুন ২০২৬, ০৩:২২ PM
উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন  শিক্ষক-শিক্ষার্থীরা

উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন  শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) তৃতীয় ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

মঙ্গলবার (৯ জুন) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানপত্র দাখিল করেন এবং সন্ধ্যায় পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে এক মতবিনিময় সভায় তিনি বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে ৮ জুন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ অনুযায়ী আগামী ৪ বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হয়ে বর্তমানে তিনি গ্রেড-১ প্রফেসর হিসেবে কর্মরত। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
 
তার জন্ম ভোলা জেলার লালমোহন উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় দক্ষ এই বহুভাষিক শিক্ষাবিদের বহু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ ‘Arabic-Persian Words and Islamic Elements in the Poetry of Farrukh Ahmad: An Evaluation’। এ ছাড়া তিনি ইউজিসি ও রুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬