শিক্ষার্থীদের ‘ব্লকেডে’ অচল ডুয়েট

১৮ মে ২০২৬, ০২:৪১ PM
শিক্ষার্থীদের ‘ব্লকেডে’ অচল ডুয়েট

শিক্ষার্থীদের ‘ব্লকেডে’ অচল ডুয়েট © টিডিসি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ডুয়েটের সকল কার্যক্রম। সোমবার (১৮ মে) সকাল থেকেই চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। 

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকে শুরু হয় এ আন্দোলন।

সরেজমিন দেখা যায়, এদিন সকাল থেকে শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এছাড়া গতকাল সংঘর্ষের জেরে ডুয়েট এবং আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও নতুন ভিসি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। 

এর আগে, গত বৃহস্পতিবার আন্দোলন শুরু হলে শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসের ভেতরেই বিক্ষোভ করে। একপর্যায়ে তারা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে। পরদিন শুক্রবারেও তাদের আন্দোলন চলমান থাকে। এরপর শনিবারে শিক্ষার্থীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচির’ ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা যুক্ত হলে দুইপক্ষের মধ্যে উত্তেজনার জেরে পরদিন (রবিবার) দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হন।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

ডুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এ আন্দোলনের বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পালটাপালটি বিবৃতি দেওয়া হয়েছে। যদিও রবিবার রাতে ডুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুয়েট ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না।

সার্বিক বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২২ ঘণ্টা পর মিলল ৫ জেলের মরদেহ
  • ২৫ আগস্ট ২০২৬
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬