অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। আজ শনিবার বুটেক্স অডিটোরিয়ামে যৌথভাবে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, আইটিইটি, বিবিটিইএ এবং টিইডি-আইইবি। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার অধ্যাপক মাস্উদ আহ্মদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় সভাপতিত্ত্ব করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মত নির্লোভ রাজনীতিবীদ বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। একজন আদর্শবান রাজনীতিবীদ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ বলে মন্তব্য করেন প্রধান অতিথি অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসউদ আহমদ।
সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অকাল প্রয়াণ এদেশের রাজনীতির জন্য এক অপূরনীয় ক্ষতি। ভবিষ্যত রাজনীতিবীদদের তাঁর আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বুটেক্স, আইটিইটি, বিবিটিইএ এবং টিইডি-আইইবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার থাকার কথা থাকলেও সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠানটি স্মরণসভায় পরিণত হয়।