বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ © টিডিসি সম্পাদিত
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।