বৈঠক সিনিয়র সচিব আবদুল খালেক ও দুয়ান শুহুই © সংগৃহীত
বাংলাদেশ ও চীনের হুবেই প্রদেশের মধ্যে দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা জোরদার, শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সকালে চীনের হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের তৃতীয় তলার দ্বিতীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধিদলে আরও ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াক।
হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক দুয়ান শুহুই চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় বিভাগের বৈদেশিক সহযোগিতা ও বিনিময় বিভাগের চতুর্থ পর্যায়ের গবেষক ওয়াং লিয়াং, বৈদেশিক বিনিময় সেবা কেন্দ্রের উপপরিচালক হু বো এবং চীনা দোভাষী লি শুয়েজিয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন দুয়ান শুহুই। স্বাগত বক্তব্যে তিনি হুবেই প্রদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন অগ্রগতি ও সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে হুবেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
দুয়ান শুহুই আরও বলেন, হুবেই প্রদেশ বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা খাতের পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে শিক্ষা খাতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় হুবেই। এ ক্ষেত্রে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের পক্ষে বক্তব্যে সিনিয়র সচিব মো. আবদুল খালেক দেশের শিক্ষা খাতের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার কার্যক্রম এগিয়ে নিতে এবং পরবর্তী উদ্যোগগুলো বাস্তবায়নে উভয় পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন। এর মাধ্যমে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হুবেই প্রদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষার্থী বিনিময় এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শিক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে হুবেই প্রদেশের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও হুবেই প্রদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাস্তবায়নের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে। আলোচনায় শিক্ষার্থীদের পারস্পরিক যাতায়াত ও বিনিময় বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং যৌথ একাডেমিক প্রকল্প গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
বৈঠক শেষে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রবেশপথে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ আলোকচিত্রে অংশ নেন।
এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের হুবেই প্রদেশের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।