বাংলাদেশ-ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক

২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ PM
বাংলাদেশ-ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক

বাংলাদেশ-ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক © সংগৃহীত

বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা জোরদার, শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক।

বুধবার সকালে চীনের ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগের ১০ম তলার সম্মেলনকক্ষে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব জি এম ফারহান ইশতিয়াক এবং বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্য মা শুয়াই অংশ নেন।

 বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ঝাও দেরং। এ সময় শিক্ষা বিভাগের আন্তর্জাতিক বিনিময় কেন্দ্র, উচ্চশিক্ষা বিভাগ, আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, পাঠ্যপুস্তক ও ভাষাবিষয়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের একজন প্রতিনিধিও বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধিদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্যে ঝাও দেরং ইউনান প্রদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি প্রদেশটির বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা পর্যায়ের কলেজ ও উচ্চবিদ্যালয়ের নেটওয়ার্ক, স্থানীয় চীনা শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এ সময় ইউনান প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়েও তথ্য তুলে ধরা হয়।

ঝাও দেরং বলেন, বাংলাদেশের সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বহুমাত্রিক অংশীদারত্ব সম্প্রসারণে ইউনান প্রদেশ আগ্রহী। এ লক্ষ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষা প্রতিনিধিদলকে ইউনান সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের পক্ষে বক্তব্যে সিনিয়র সচিব মো. আবদুল খালেক ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে একাডেমিক বিনিময় কর্মসূচি এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী চীনের ইউনান প্রদেশসহ দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। চীনে তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত শিক্ষা এবং মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ থাকায় দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য।

মো. আবদুল খালেক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার সব পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) এবং চীনা ভাষা শিক্ষার উন্নয়নে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে ইউনান প্রদেশের প্রতিনিধিদের পাশাপাশি সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

বক্তব্যের পর উভয় পক্ষের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ইউনানের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার, শিক্ষার্থীদের যাতায়াত ও বিনিময় সহজ করা, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং চীনা ভাষা শিক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের পথও তৈরি হয়েছে।

বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-চীনের হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্…
  • ২৯ অক্টোবর ২০২৬
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৯ অক্টোবর ২০২৬
একই সফটওয়্যারে তিন অধিদপ্তরের অধীন কর্মরত শিক্ষকদের বদলির ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্র আহত হওয়ার পর মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ চান তা’মীরুল…
  • ২৯ অক্টোবর ২০২৬
‎চাকরিতে আবেদনের বয়স ৪০ করার দাবিতে নারী শিক্ষার্থী সমাবেশে…
  • ২৯ অক্টোবর ২০২৬