কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন এখন মাসের ১-২ তারিখেই

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত ও সম্পাদিত

মাসের শুরুতেই বেতন হাতে পাওয়া যেন যুগ যুগ ধরে চলা এক স্বপ্ন ছিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। বিগত মাসের বেতনের জন্য মাসের ১০-১২ তারিখ, মাঝামাঝি কিংবা তারও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করা ছিল প্রতি মাসের নিয়মিত বাস্তবতা। সেই অপেক্ষার অবসান ঘটালেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৬ মাস আগে দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতির বাস্তবায়নও করলেন তিনি। এমপিওভুক্ত দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শুনে মাসের শুরুতেই বেতন দেওয়ার যে আশ্বাস তিনি দিয়েছিলেন; সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে।

তথ্যমতে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দায়িত্ব গ্রহণের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে বিলম্বের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়। তখন তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং মাসের শুরুতেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান।

শিক্ষামন্ত্রী তার দেওয়া সেই আশ্বাস বাস্তবায়ন করেছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে মাসের ১ বা ২ তারিখের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ পৌঁছে যাচ্ছে। ফলে মাসের বেতন পেতে আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না তাদের।

সর্বশেষ আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার তথা ১ অক্টোবরই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বেতনের ডাটা আইবাসে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেতে পারেন। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষমন্ত্রীর নির্দেশনা অনুুযায়ী শিক্ষক-কর্মচারীদের মাসের শুরুতে অর্থাৎ ১ তারিখে বেতন-ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি এবার শিক্ষকরা ১ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাবেন।’

এর আগে আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ৩ তারিখে পেয়েছিলেন পৌনে ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক-কর্মচারীরাও বলছেন, সময়মতো বেতন-ভাতা পাওয়া তাদের নিয়মিত জীবনযাপন ও আর্থিক ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। মাসের শুরুতেই বেতন হাতে পাওয়ায় বাড়িভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয়, দৈনন্দিন খরচসহ অন্যান্য আর্থিক দায়-দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা সহজ হচ্ছে।

এদিকে, শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি জায়গায় পরিবর্তন আসায় স্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এভাবে প্রতিশ্রুতি দেওয়ার পর তা বাস্তবায়নের বিষয়টি সামনে আসায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য ও কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মাসের শুরুতেই বেতন-ভাতা পাওয়ার বিষয়টি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দৃশ্যমান একটি পরিবর্তন হিসেবে সামনে এসেছে- এমনটাই দ্য ক্যম্পাসকে জানিয়েছেন তারা।

ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬