মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি
মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০০টি দাখিল মাদ্রাসায় কারিগরি শিক্ষা ট্রেড কোর্স চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ।
পরিষদের নেতারা বলছেন, সরকারের ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের নেতাদের দাবি, বর্তমানে দেশের ৫৪৮টি মাদ্রাসায় সফলভাবে ভোকেশনাল কোর্স চালু রয়েছে। এর ধারাবাহিকতায় আরও ৫০০ থেকে ১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৫০০টি দাখিল মাদ্রাসায় কোর্স চালুর উদ্যোগকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
পরিষদের নেতারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পেলে মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমান চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর সরাসরি কর্মসংস্থানে প্রবেশের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারবে।
তাদের মতে, মাদ্রাসা শিক্ষার মূল ধর্মীয় চেতনা অক্ষুণ্ন রেখে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষার মতো আধুনিক ও বৃত্তিমূলক বিষয়ের সমন্বয় করা হলে মাদ্রাসা শিক্ষা আরও যুগোপযোগী হবে। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।
পরিষদের নেতারা আরও বলেন, কারিগরি দক্ষতাসম্পন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের দেশীয় শ্রমবাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
তারা মনে করেন, মাদ্রাসায় কারিগরি শিক্ষা সম্প্রসারণের ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার সুযোগ বাড়বে এবং সাধারণ ও মাদ্রাসা শিক্ষার মধ্যে বিদ্যমান সুযোগের পার্থ্যক্যও কমবে। এতে শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে মূলধারায় অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হবে।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে কারিকুলাম সংস্কারের কাজ শুরু করেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫০০টি মাদ্রাসায় কারিগরি শিক্ষা ট্রেড কোর্স চালুর বিশেষ প্রকল্পটি বর্তমানে অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গভাবে দাখিল ভোকেশনাল কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশাররফ বলেন, 'মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ৫০০টি মাদ্রাসা যে প্রকল্পের অধীনে বাস্তবায়ন হবে, সেই প্রকল্পের মেয়াদ এখনো বৃদ্ধি করা হয়নি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে ২০২৭ সাল থেকেই ৫০০টি মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স চালু হবে।'