প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা কবে, যা বলছে মন্ত্রণালয়

১১ আগস্ট ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৫:৪২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের প্রায় চার মাস হতে চললেও এখনো মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। ফলে এ নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেই প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানাতেও পারছে না শিক্ষা মন্ত্রণালয়।

যদিও গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের বিষয়টি উঠে আসে। তবে এখনো মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ আগস্ট শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য অন্যান্য কার্যক্রম নিয়ে আপাতত ভাবা হচ্ছে না। ১৫ আগস্টের অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে আলোচনা করা হতে পারে। 

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা সম্পর্কে এনটিআরসিএ সচিব এম এম রিজওয়ানুল হক বলেন, ‘নিয়োগের মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী এনটিআরসিএ কার্যক্রম গ্রহণ করছে। তবে এখনো মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি।’

গত ১৮ এপ্রিল ঢাকার নয়টি কেন্দ্রে চারটি গ্রুপে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছিল। বড় পরিসরের এই পরীক্ষায় প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি।

এর মাত্র চার দিন পর ২২ এপ্রিল এমসিকিউ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ হাজার ১৪৬ জনের মধ্যে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন। ফল প্রকাশের প্রায় চার মাস হতে চললেও এখানো মৌখিক পরীক্ষা শুরু করতে পারেনি এনটিআরসিএ। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে মৌখিক পরীক্ষার অপেক্ষায় থাকা প্রায় ১৫ হাজার প্রার্থীর।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬