উচ্চশিক্ষায় ভর্তি: উঠে যাচ্ছে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা!

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় লোগো

ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি ফটো

ফের সংস্কার চিন্তায় কোটা। পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিল করতে পারে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধী কোটা বৃদ্ধি পেতে পারে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৩০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা, পোষ্য, নারী, প্রতিবন্ধীসহ সব ধরনের কোটার বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। একইসঙ্গে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।

জানা গেছে, বর্তমানে উচ্চশিক্ষালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য যে ছয় ধরনের কোটা রয়েছে সেগুলো হলো-ওয়ার্ড বা পোষ্য কোটা, উপজাতি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং খেলোয়াড় কোটা। এতে মুক্তিযোদ্ধা কোটা সবচেয়ে বেশি ৫ শতাংশ। এছাড়া পোষ্য ও খেলোয়াড় কোটা নির্দিষ্ট করা নেই। বাকিগুলোয় ১ শতাংশ কোটা রয়েছে। তবে কোটায় পাস করলেই ভর্তির সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোটাপ্রথা বহাল রয়েছে। এই কোটার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা: মো: সারোয়ার বারী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেলসহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত নেবে। এজন্য মেডিকেলে কোটায় ভর্তির কার্যক্রম স্থগিত রয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

‘মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোটা রয়েছে। এই কোটার বিষয়ে সামগ্রিকভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অনেকগুলো দিক সামনে রেখে কাজ করছি। খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’- ড. শেখ আব্দুর রশীদ, মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দুটি সূত্র জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল পর্যায়ে ভর্তিযোগ্য প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানের সংখ্যা খুবই কম। আগামী দুই/তিন বছরে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান খুঁজে পাওয়া যাবে না। ফলে এই কোটা রাখার কোনো যৌক্তিকতা দেখছে না অন্তর্বর্তী সরকার। এজন্য ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল করার চিন্তাভাবনা করা হচ্ছে। 

ওই সূত্র আরও জানায়, মেডিকেলে পোষ্য কোটা না থাকলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বহাল রয়েছে। এই কোটার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে ভর্তি পরীক্ষায় পাস নম্বর তুলতে না পারলেও কোটার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর সন্তান ভর্তির সুযোগ পাচ্ছেন। বিষয়টি নিয়ে আন্দোলনও হয়েছে। এ অবস্থায় পোষ্য কোটার বিষয়টিও পুনর্বিবেচনার চিন্তা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ‘উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কোটার সুবিধা দেওয়ার ক্ষেত্রে নতুন করে ভাবা দরকার। জুলাইয়ের বিপ্লবের পর চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা রয়েই গেছে। ভর্তির ক্ষেত্রে যৌক্তিকভাবে কোটা বাতিল বা সংস্কার করা দরকার। বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘উপজাতি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা এবং প্রতিবন্ধী কোটা ছাড়া বাকিগুলো বাদ দেওয়ার পক্ষে রয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারের একটি অংশ মনে করে মুক্তিযোদ্ধা কোটা একেবারে বাতিল না করে শুধু সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখা যেতে পারে। বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে পর্যালোচনা করা হচ্ছে। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটি দেশের কল্যাণেই নেওয়া হবে।’

‘‘বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির ক্ষেত্রে একটি আসনের বিপরীতে অসংখ্য মেধাবী শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করেও অনেকেই এ ভর্তিযুদ্ধে হেরে যান। এতে মেধাবীদের বঞ্চিত করে কোটায় কিছু শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকছে।’’ -শিক্ষার্থীদের অভিযোগ

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোটা রয়েছে। এই কোটার বিষয়ে সামগ্রিকভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অনেকগুলো দিক সামনে রেখে কাজ করছি। খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’

মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাতিল হবে না কি সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিগত বছরগুলোয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির কথা উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তিবিষয়ক জটিলতা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। পোষ্য কোটায় সুবিধা পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়ে এবং স্বামী-স্ত্রী। অবসরে যাওয়ার এক বছর পরও এ সুযোগ পেয়ে থাকেন তারা। এ সুবিধার জন্য আবেদন করেন বিশ্ববিদ্যালয়টির পরিচ্ছন্নতাকর্মী, মালী থেকে শুরু করে জ্যেষ্ঠ অধ্যাপকরাও। এক্ষেত্রে ভর্তির নির্দিষ্ট কোনো আসনও নেই। পোষ্য কোটায় অনিয়মের সুযোগ থাকে এবং কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারতন্ত্রের কবলে পড়েছে বলেও মনে করেন কেউ কেউ।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির ক্ষেত্রে একটি আসনের বিপরীতে অসংখ্য মেধাবী শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করেও অনেকেই এ ভর্তিযুদ্ধে হেরে যান। এতে মেধাবীদের বঞ্চিত করে কোটায় কিছু শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকছে। এখন সময় এসেছে কোটা নামে বৈষম্য দূর করা।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950