জাতীয়করণের তালিকায় কারা

৭০০ শিক্ষার্থীর ৪৭৫ জনই ফেল, কোনটিতে ৫২৭ জনে  পাস ১২৫, কোনটির আবার পরীক্ষার্থীই ২৫ জন

১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ। ১৯৭২ সালের ১৫ আগস্ট মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের পর সেখানে কর্মরত শিক্ষক-কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইলেও তৈরি হয়েছে তীব্র সমালোচনা। কেননা প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৬৯১ শিক্ষার্থীর মধ্যে ৪৭৫ জনই ফেল করেছেন। পাস করেছেন মাত্র ২১৬ জন। পাসের হার ৩১ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র পাঁচজন।

এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল ছিল আরও খারাপ। ওই বছর ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন মাত্র ১৩৩ জন। পাসের হার ছিল ১৮ দশমিক ৫৫ শতাংশ। 

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে খুলনার গাজীরহাট হাজী নাঈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির চলতি বছরের এসএসসির ফলাফলও পিলে চমকে দেওয়ার মতো। ২০২৬ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫২৭ জনের মধ্যে পাস করেছে মাত্র ১২৫ জন। পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারেননি ৪০২ জন। পাসের হার ৩০.৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুইজন। এরপরও প্রতিষ্ঠানটি জাতীয়করণের পাইপলাইনে থাকায় তৈরি হয়েছে তীব্র সমালোচনা।

শুধু এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগেরই পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়। অনেক প্রতিষ্ঠানের নেই অবকাঠামো। আবার তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাম্য শিক্ষার্থী সংখ্যাও নেই। ২৫ জন শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়।

অবশ্য ভিন্ন চিত্রও দেখা গেছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে। পাবলিক পরীক্ষায় ভালো ফল করা এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া অনেক প্রতিষ্ঠানও জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে। এর মধ্যে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ১৫২ জনের মধ্যে ১ হাজার ৭৬ জন উত্তীর্ণ হয়েছে।

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ২৩ শতাংশ। জাতীয়করণের পাইপলাইনে থাকা প্রতিষ্ঠানটির ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই প্রতিষ্ঠান থেকে মোট ৫২০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৪৬৪ জনই পাস করেছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পাসের হার, শিক্ষার্থী খড়ায় ভোগা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে। তাদের মতে, জাতীয়করণের সাথে রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহার, শিক্ষার গুণগত মান এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার বিষয়গুলো জড়িত। এজন্য ভৌগলিক অবস্থা বিবেচনা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওই এলাকার প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেওয়া দরকার।

বিশ্লেষকদের মতে, পর্যাপ্ত শিক্ষার্থী না থাকা এবং ধারাবাহিকভাবে খারাপ ফলাফল করা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে সরকারের ওপর অপ্রয়োজনীয় আর্থিক চাপ তৈরি হতে পারে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রশাসনিক ব্যয়ের বড় অংশ বহন করতে হবে রাষ্ট্রকে। অথচ বিপুল অর্থ ব্যয়ের পরও যদি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখনফল নিশ্চিত না হয়, তাহলে জাতীয়করণের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

শুধু তাই নয়, তুলনামূলক ভালো ফলাফল করা এবং অনেক শিক্ষার্থী রয়েছে, এমন প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হতে পারে। জাতীয়করণের ক্ষেত্রে যদি শিক্ষার মান, শিক্ষার্থীসংখ্যা, পাসের হার, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন না করা হয়, তাহলে যোগ্যতার পরিবর্তে প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের সুপারিশের প্রাধান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হবে।

এর ফলে শিক্ষা খাতে এক ধরনের ভুল বার্তা যেতে পারে। দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী ধরে রাখতে ব্যর্থ এবং তুলনামূলক খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য না থাকলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক তাগিদ কমে যেতে পারে।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান যেন ‘ধরি মাছ না ছুঁই পানি’

জাতীয়করণের ক্ষেত্রে ভালো ফলাফল ও শিক্ষার্থী সংখ্যাই মূখ্য বিষয় নয় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয়করণের আগে প্রতিটি প্রতিষ্ঠানের অন্তত কয়েক বছরের ফলাফল, প্রকৃত শিক্ষার্থীসংখ্যা, নিয়মিত উপস্থিতি, শিক্ষকসংখ্যা, অবকাঠামোগত সক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা যাচাই করা জরুরি। শুধু প্রতিষ্ঠান টিকিয়ে রাখা নয়, বরং শিক্ষার মানোন্নয়নে বাস্তব অবদান রাখতে পারবে কি না, সেটিও দেখা দরকার।’

জাতীয়করণের পূর্বে শিক্ষানীতি করা দরকার জানিয়ে ঢাবির এ অধ্যাপক বলেন, ‘আমাদের সুস্পষ্ট কোনো নীতিমালা নেই, জাতীয়করণ নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হলেও
শিক্ষানীতি নেই। শিক্ষানীতির ওপর ভিত্তি করে জাতীয়করণ নীতিমালা তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌগলিক অবস্থা বিবেচনায় নিতে হবে। অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ করে দিতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় নিয়ে আসা দরকার।’

তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর পাসের হার যেমন
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি ইস্যু হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ২৫ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৪ জন এবং সবাই পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন। 

ভোলার মনপুরার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৯ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৮ জন। পাসের হার ৩৬ দশমিক ৭৩ শতাংশ। বিদ্যালয়টি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে একজন, ফেল করেছে পাঁচজন। মানবিক বিভাগে পাস করেছে ছয়জন, ফেল করেছে ১৬ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছে ১১ জন, ফেল করেছে ১০ জন। 

ময়মনসিংহের গফরগাঁওয়ের হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১২৮ জন। পাস করেছে ৫৮ জন। পাসের হার ৪৫ দশমিক ৩১ শতাংশ। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। 

একই উপজেলার কান্দিপাড়া আসকার আলী উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ৭২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ জন। পাস করেছে ২৫ জন। পাসের হার ৩৬ দশমিক ২৩ শতাংশ। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। 

ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের মোট ৬৮ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩০ জন। পাসের হার ৪৪ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুজন। 

খুলনার দিঘলিয়ার গাজীরহাট হাজী নাঈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২৫ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৩০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুজন। 

অন্যদিকে খুলনা সদরের শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোট ২৪ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ জন। পাসের হার ৪৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন। 

নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫০ জন উত্তীর্ণ এবং ৪০ জন অকৃতকার্য হয়েছে, পাসের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। ফরিদপুর সদরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৩ দশমিক ১৩ শতাংশ।

অধিকাংশ প্রতিষ্ঠানই পূরণ করতে পারবে না নীতিমালার শর্ত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণের জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নীতিমালা চূড়ান্ত করতে আগামী সোমবার (১৬ নভেম্বর) সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তৈরিকৃত খসড়া নীতিমালায় জাতীয়করণের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের যোগ্যতা, জমি, অবকাঠামো, গ্রন্থাগার, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমসহ বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিপ্রতি কমপক্ষে ৫৫ জন শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমপক্ষে ১২০ জন শিক্ষার্থী থাকার শর্ত রাখা হয়েছে। ফলে জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ স্কুল-কলেজ খসড়া নীতিমালার শর্তের মানদণ্ডে উতরাতে পারবে না। এ অবস্থায় এ প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হলে তৈরি হতে যাওয়া নীতিমালা লঙ্ঘন করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাউশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেয়। জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নিয়ে থাকে।’

এ বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950