লোগো © ফাইল ছবি
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, শিগগিরই নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় অর্থের সংস্থান বিবেচনায় পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা বলা হয়েছিল। তবে সেটি বাস্তবায়ন হয়নি। বিষয়গুলো নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। তাদের এমপিওভুক্তির সুপারিশ করেছে কমিটি।’
কুমিল্লা-২ আসনের এ সংসদ বলেন, ‘সংসদীয় কমিটি বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তবে এখনো সভার কার্যবিবরণী প্রস্তুত হয়নি। আগামী দুই/তিনদিনের মধ্যে কার্যবিবরণীর খসড়া তৈরি হবে। এরপর নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সে সময় তিনি জানিয়েছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন ও আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে তাদের এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।