এসএসসি পাস শিক্ষার্থীদের উল্লাস © ফাইল ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এতে নতুন করে গ্রেড চেঞ্জ হয়েছে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। আবেদনকারী ছিলেন ৪ লাখ ২ হাজার ৫২ জন। তাদের ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি স্ক্রিপ্ট ছিল। এতে গ্রেড চেঞ্জ হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।
এ ছাড়া ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর চেঞ্জ হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আর নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীরা।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন তুলনামূলক উচ্চ পাসের হার থাকার পর দুই বছর ধরে এসএসসির ফল কিছুটা নিম্নমুখী। এবার শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি। ফলে পাসের হার কমে যাওয়ার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা বেশি হয়েছে। এর প্রভাব পড়েছে ফল পুনর্নিরীক্ষণের আবেদনেও।
আরও পড়ুন: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীরা তিন উপায়ে ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে।
একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য আবেদনকারীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।