৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীপ্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যে সকল প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের সরকারী কর্ম কমিশন (পিএসসি) থেকে শ্রুতিলেখক দেয়া হবে। এজন্য প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতিলেখক প্রয়োজন তাদেরকে পিএসসি বরাবর আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
আগামী ৯ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে রাজধানীর আগারগাঁওয়ের পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর এ আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। সোমবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩ মে ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারী প্রত্যয়নপত্র, সমাজসেবা অধিপ্ততরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বা সমমর্যাদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। বিসেএস প্রিলিতে কেবল পিএসসি কর্তৃক অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় আবেদনকারী প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন না করলে পরবর্তীতে শ্রুতিলেখক পাওয়া যাবে না।