সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে ৩৯ হাজার ৫৩৫ জন শিক্ষক নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। জানুয়ারি মাসেই শেষ করা হবে নিয়োগের সুপারিশ প্রক্রিয়া। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিগত দুই বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশকার্যক্রম বন্ধ ছিলো। এ বছরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এ লক্ষ্যে গত ১৯ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। গতকাল বুধবার ছিল আবেদন গ্রহণের শেষদিন। নিবন্ধনধারীদের কাছ থেকে প্রায় ৩১ লাখ আবেদন গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
আবেদন যাচাই-বাছাই করে মেধা তালিকা অনুসারে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। সুপারিশকৃতদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে। সুপারিশকৃত প্রার্থীরা নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্রটি ডাউনলোড করে নিবেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর ৩৯ হাজার ৫৩৫ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ । গত ১২ জুন যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, মামলাসহ বিভিন্ন কারণে দুই বছর বন্ধ ছিলো প্রার্থী বাছাই ও সুপারিশ কার্যক্রম। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করব আমরা। জানুয়ারি মাসের মধ্যেই নিয়োগের সুপারিশ করা যাবে বলে আমার আশা। তিনি বলেন, কোনও প্রতিষ্ঠান সুপারিশকৃতদের চাকরি না দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত অভিযোগ পেলে এনটিআরসিএ থেকে শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হবে। বোর্ড প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙ্গে দিবে।