গ্রাফিক্স ছবি
সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মহান বিজয় দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়ানুষ্ঠানসহ বিভিন্ন কমর্সসূচি আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবারের মত এ দিবস পালনের জন্য আন্ত: মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালককের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়- ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদপ্তর-দপ্তর, সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়া ১৬ ডিসেম্বরে দেশের সকল জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনুষ্ঠানে স্কুল-কলেজ ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরো বলা হয়, ১৬ ডিসেম্বর দেশের সকল জেলা ও উপজেলা সদরের সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ (যেখানে সম্ভব) ফুটবল, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করতে বলা হয়েছে। অপরদিকে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বির্তক ও মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের অয়োজন করতে হবে। ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বহন করবে বলেও জানানো হয়েছে।