মানববন্ধনে পাহাড়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো
পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের সামনে পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগরী ও রাবি আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে প্রায় অর্ধ-শতাধিক পাহাড়ী শিক্ষার্থী অংশ নেন ।
পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাসেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সুগত চাকমা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর হয়েছে। কিন্তু আজও এই চুক্তির বাস্তবায়ন হয়নি। নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা বেড়েই চলেছে। সরকার সব কিছু দেখার পরও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় জনগন আস্থা হারিয়ে ফেলবে।
সংগঠনটির সহ-সভাপতি অরুণ বিকাশ চাকমার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, রাবি শাখার সভাপতি রোটেশ তপো প্রমুখ।