রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের লোগো © সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন করে ১৫ জন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দায়িত্বে থাকা ১০ পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালকরা যোগদানের তারিখ থেকে তিন বছর দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন পরিচালকদের নিয়োগের বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করেছে। রবিবার আদেশগুলো জারি করা হলেও এক দিন পর তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নতুন নিয়োগ পাওয়া পরিচালকদের মধ্যে জনতা ব্যাংকের পর্ষদে দায়িত্ব পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, হিসাববিদ খন্দকার মামুন এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার। একই ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস ও কাওছার আলমকে।
অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন করে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, সাবেক সচিব ফজলুল বারী, সাবেক ব্যাংকার মো. আসাদুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন। এ ব্যাংকের পর্ষদ থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক, ফয়েজ আহমেদ ও মোহাম্মদ সুলতান মাহমুদ।
রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যাংকটির পর্ষদে নতুন করে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, শফিকুল আলম ও হিসাববিদ মীর সাজেদ উল বাসার।
বেসিক ব্যাংকের পর্ষদেও তিনজন নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, লুৎফুর রহমান ও খাইরুল কবির। একই ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবদুল আহাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন করে দায়িত্ব পেয়েছেন নূরুন্নাহার ওসমানী ও আবিদ হোসেন খান। এ ব্যাংকের পর্ষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাহবুবুন নাহার, আব্দুল মজিদ ও শাহ আলম মিয়াকে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশ অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়া ১৫ পরিচালক নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের পর তিন বছর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে অব্যাহতি পাওয়া ১০ পরিচালকের অধিকাংশই অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।