© টিডিসি ফটো
রাজধানীর কুর্মিটোলায় এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। এ ঘটনার বিচারের দাবিতে রবিবার দিবাগত রাতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীর। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এদিকে, রবিবার দিবাগত রাত চারটার দিকে ঢামেক হাসপাতালের যান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় ওই ছাত্রীর খোঁজ-খবর নেন ড. মো. আখতারুজ্জামান। তার সঙ্গে ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। প্রক্টর বলেন, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। এটার লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে কিনা জানতে চাইলে বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, সুতরাং এটা পুলিশ ব্যবস্থা নিবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু দিয়ে তদন্তে সাহায্য করবে।