মুজিববর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক রূপ দেয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ছাত্রলীগের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ৫০ স্থানে ডাস্টবিন বসানো হবে। বুধবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ কার্যক্রম উদ্বোধন করেছেন।
বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যৌথ উদ্যোগে ৫০ স্থানে ডাস্টবিন বসানোর কার্যক্রম হাতে নেয়। ডাস্টবিন সরবরাহে সহযোগিতা করছে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
.png)
স্মৃতি চিরন্তন, মল চত্বর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, টিএসসি, কলাভবন, মধুর ক্যান্টিন, ডাকসু, লাইব্রেরি, কার্জন হল, ল্যাবরেটরি, উদয়ন স্কুল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের বিভিন্ন স্থানে ডাস্টবিনগুলো স্থাপন করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা অভিযানে ১০০ সদস্যের স্বেচ্ছাসেবক দল কাজ করবে। ইতােমধ্যে প্রথম মেয়াদে আগামী তিনমাসের জন্য ১০০ জন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ডাকসু সূত্রে জানা গেছে।
.png)
ডাস্টবিন বসানোর কার্যক্রম উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার সুপ্রিয়া সাহা, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলােত্তমা শিকদার মুহা, মাহমুদুল হাসান, রকিবুল হাসান রাকিব, ফরিদা পারভীন, রফিকুল ইসলাম সবুজ, রাইসা নাসের।
ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ২০২০ সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি ধারা তৈরি করুক যাতে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসন ও শিক্ষার্থীরা দায়বদ্ধ থাকে। আরেকটি চাওয়া, ক্যাম্পাসটা শতভাগ সংঘাত ও হানাহানিমুক্ত থাকুক। আমাদের প্রথম পরিচয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আত্মমর্যাদাবোধে উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সম্মান ও সমঝোতার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়পতাকা যেন আমরা আরো ঊর্ধ্বে তুলে ধরতে পারি।