অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো
শিক্ষার্থীদের সকল দাবি এবং চাওয়া পাওয়া পূরণ করতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রিডিংরুম পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
আজ শুক্রবার (২৯শে নভেম্বর) সকাল ১২ টায় জিয়া হল পরিদর্শনে যান ড. মো. আখতারুজ্জামান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন হল ছাত্র সংসদের ভিপি মো. শরিফুল ইসলাম শাকিল, জিএস হাসিবুল হোসেন শান্ত, পাঠকক্ষ সম্পাদক মো. আব্দুল মান্নানসহ হলের শিক্ষার্থীরা।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২০০। তাদের জন্য আছে মাত্র একটি রিডিং রুম। এই রিডিংরুমে সিট রয়েছে ৭০টিরও কম। হলে আবাসিক শিক্ষার্থীর তুলনায় রিডিংরুমে সিটের এই অপর্যাপ্ততার জন্য অসুবিধার শিকার হচ্ছিল শিক্ষার্থীরা।গণরুমের গাদাগাদি পরিবেশে সারাদিন থাকার পর পড়াশোনার একটু স্বাচ্ছন্দ্য পরিবেশও পাওয়া যায়না।এমনটি অভিযোগ করেন শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমার সন্তানদের পড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই নেওয়া হবে। এছাড়া তিনি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনকে রিডিংরুম নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন।
শরিফুল ইসলাম শাকিল বলেন, 'রিডিংরুম সংকট নিয়ে আমরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছিলাম অনেক আগে। স্যার স্বশরীরে আজকে আসেন পরিদর্শন করতে। শিক্ষার্থীদের অনেকদিনের চাওয়া রিডিংরুম হবে ইনশাআল্লাহ। '
মো. আব্দুল মান্নান ডেইলি ক্যাম্পাসকে বলেন, জিয়া হলের সমস্যার মধ্যে রিডিংরুম সংকট অন্যতম। নতুন রিডিং রুম হলে হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পড়ালেখার যে সমস্যা ছিল তার ইতি ঘটবে এবং সাধারণ শিক্ষার্থীদের আশার প্রতিফলন ঘটবে।