ইউএনওর দিনব্যাপী অভিযান পরিচালনা © টিডিসি ফটো
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে ক্লাসে উপস্থিত না থেকে বিভিন্ন পর্যটন স্পট ও পার্কে ঘোরাঘুরি করছিল শিক্ষার্থীরা। এমন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
অভিযান চলাকালে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরা অবস্থায় বিভিন্ন পর্যটন স্পট ও পার্কে ঘোরাঘুরি করতে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে।
পরে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের খবর দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সতর্ক করার পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলাকালে কিছু শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থেকে বিভিন্ন পার্ক ও পর্যটন স্পটে সময় কাটাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা শিক্ষার্থীদের বিভিন্ন স্পটে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে তাদের ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ঘোরাঘুরি না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা ইউএনও মো. আবদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাওয়া শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং তাদের বিপথগামী হওয়া রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।