চাকরিতে আবেদনের বয়স ৪০ করার দাবিতে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর এবং বেসরকারি চাকরিতে বয়সসীমা উন্মুক্ত রাখার দাবিতে ‘নারী শিক্ষার্থী সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’। আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর করা এবং বেসরকারি খাতে বয়সসীমা উন্মুক্ত রাখা।
এ ছাড়া নিয়োগ পরীক্ষার সঠিক উত্তরপত্র এবং চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় প্রাপ্ত নম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা। একই সঙ্গে প্রশ্নফাঁসমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে নারী শিক্ষার্থী মোসা. সাবিনা বলেন, আমাদের নারীদের জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে শিক্ষা অর্জন করতে হয়। নানা পারিবারিক ও বাস্তব কারণে অনেক সময় আমরা পিছিয়ে পড়ি। তখন চাকরিতে আবেদন করতে গেলে বয়স একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই নারীদের পক্ষ থেকে আমরা চাকরিতে আবেদনের বয়স ৪০ এবং বেসরকারি ক্ষেত্রে উন্মুক্ত করার জোর দাবি জানাচ্ছি। আগামী ৩১ অক্টোবর আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাষ্ট্রপতি বরাবর শান্তিপূর্ণ পদযাত্রা করব।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, আগামী ৩১ অক্টোবর আমরা একটি নারী শিক্ষার্থী সমাবেশ আয়োজন করেছি। আমরা মুক্তমঞ্চ থেকে সরাসরি আমাদের রাষ্ট্রপতির কাছে শান্তিপূর্ণ একটা পদযাত্রা নিয়ে যাব এবং আমাদের দাবিগুলো উপস্থাপন করব।
তারা জানান, যদি আমাদের দাবির কোনো কিছু না দিতে পারে, তবে আগামী ৮ই নভেম্বর আমরা সারা দেশব্যাপী শিক্ষার্থীদেরকে নিয়ে একটি চূড়ান্ত মহাসমাবেশের আয়োজন করেছি। সুতরাং আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আগামী ৮ই নভেম্বরের মধ্যেই আমাদের দাবি বাস্তবায়ন করে দিন।