মাস্টার্স পরীক্ষার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে

১০ অক্টোবর ২০১৯, ০২:১৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার্স পরীক্ষা সমাপ্ত হওয়ার ১৫ দিনের মধ্যে হলের সিট ছাড়তে হবে শিক্ষার্থীদের। এছাড়া মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীরা কোনভাবেই হলে অবস্থান করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে ঢাবির উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রশাসন প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ দেবে। কোন শিক্ষার্থী হল প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হলের যে সব কক্ষে অধিক সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে, সেখানে বাংক বেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাবি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ঢাবি ক্যাম্পাসে বা হলগুলোতে কোনো মাদকসেবী, মাদককারবারি, মাদকাসক্ত এবং সন্ত্রাসী অবস্থানের সুর্নিদিষ্ট তথ্য জানা থাকলে তা অনতিবিলম্বে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করতে শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।

শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ইতোমধ্যে রাত নয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা আরও বাড়ানো এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরির সময়সীমাও বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। এটি একটি ভালো সিদ্ধান্ত তবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিন কেন নেয়নি। আজকে যখন ছাত্র সমাজ আবরারের মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়েছে। ছাত্রসমাজ যখন রাজপথে থাকবে প্রশাসনের তখন টনক নড়বে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে।

ঢাবির প্রভোস্ট কমিটির সভায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

খাতা-কলম, বোতল রেখে বাসের সিট রিজার্ভ, বিপাকে শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জন রিমান্ডে
  • ২৫ আগস্ট ২০২৬
মেঘনায় জেলের জালে ধরা পড়া ১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি
  • ২৫ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ২৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা
  • ২৫ আগস্ট ২০২৬
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬