ভর্তি পরীক্ষার আবেদন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় কত?

০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৯ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার প্রায় পৌণে তিন লাখ শিক্ষার্থী পাঁচ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। গত ৫ আগস্ট ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ২৭ আগস্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় ইউনিটপ্রতি প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ৪৫০ টাকা করে নেওয়া হয়েছে। এরমধ্যে ভর্তির প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, অনলাইন সার্ভিস ফি ৩০ টাকা এবং ব্যাংক সার্ভিস চার্জ ২০ টাকা রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া থেকে এবার মোট কত টাকা আয় হয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোন শিক্ষাবর্ষেই এ ধরণের তথ্য প্রকাশ করা হয় না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে হিসাব করে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আয় নিয়ে একটি ধারণা পাওয়া গেছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট সাত হাজার ১১৮ আসনের বিপরীতে দুই লাখ ৭৬ হাজার ৩৯১ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।  ৪৫০ টাকা করে আবেদন ফি হিসেবে অনলাইনে আবেদন প্রক্রিয়ায় ভর্তিচ্ছুদের মোট ব্যায় ১২ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা।

এরমধ্যে অনলাইন সার্ভিস ফি ৩০ টাকা করে  ৮২ লাখ ৯১ হাজার ৭৩০ টাকা। আর ব্যাংক সার্ভিস ফি ৫৫ লাখ ২৭ হাজার ৮২০ টাকা। এ দুই খরচ বাদ দিয়ে ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের মোট আয় ১১ কোটি পাঁচ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

আবেদন প্রক্রিয়া থেকে পাওয়া এই আয় কি প্রক্রিয়ায় ব্যায় হয় সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া থেকে যে আয় হয় তা প্রতিটি ইউনিটে আলাদাভাবে ব্যয় করা হয়।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৯ জন শিক্ষার্থী। এ বছর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে এবং কম ‘খ’ ইউনিটে।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৮৮ হাজার ৯৭০ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪৯ জন। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের দুই হাজার ৩৭৮ আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪৫ হাজার তিনজন, প্রতি আসনে লড়বেন ১৮ জন।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০ আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২৮ হাজার ৯৫৮ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ২৩ জন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের এক হাজার ৫৬০ আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৯৭ হাজার ৪৬৪ জন। প্রতি আসনে লড়বেন ৬২ জন।

চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের জন্য ১৫ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ‘চ’ ইউনিটে প্রতি আসনের জন্য ১১৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

আগামী ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিট, ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট এবং ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা আগামী ১৪ সেপ্টেম্বর এবং অঙ্কন অংশের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এবার প্রথম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। মোট ১২০ নম্বরের মধ্যে এমসিকিউয়ের জন্য থাকবে ৭৫ নম্বর ও লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৫ নম্বর।

৯০ মিনিটের পরীক্ষায় এমসিকিউ অংশের জন্য শিক্ষার্থীরা সময় পাবেন ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট। তবে ‘চ’ ইউনিটে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য এক ঘণ্টা এবং ৭০ নম্বরের অঙ্কন পরীক্ষায় ৯০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close