ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আতঙ্ক এবং রোগীর সংখ্যা বাড়ছে। ক্যাম্পাসে ক্রমবর্ধমান ডেঙ্গু–আতঙ্কের মধ্যে এবার ডেঙ্গু শনাক্তকরণ ডিভাইস আনা হয়েছে। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্ত করার পরীক্ষাও শুরু হয়েছে।
প্রথম দিনেই নতুন ডিভাইসে ১৬৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা সম্পন্ন হয়। এতে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। চিকিৎসাকেন্দ্রে এখন রক্তের প্লাটিলেট (অণুচক্রিকা) গণনা ও ডেঙ্গু শনাক্তকরণ—দুটোই করা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু শনাক্তকরণের যে ডিভাইসটি চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে, তার দৈনিক সক্ষমতা ১৫০। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ ১৫০ শিক্ষার্থী ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা করাতে পারবেন। শিক্ষার্থীদের চাপ বেশি হওয়ায় বুধবার ১৬৮ জনের রক্তের নমুনা নেওয়া হয়। তবে এখন থেকে ১৫০–এর বেশি নমুনা নেওয়া যাবে না।