ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীলীগ সমর্থিত নীল দলের শিক্ষকদের ভিসি প্যানেল নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় সভা বসছে। নীলদলের একাধিক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ জুলাই ভিসি আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গ্রাজুয়েটদের তার বাসায় চায়ের আমন্ত্রণ জানান। এতে ভিসি প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের তারিখ নির্ধারণের বিষয়ে সকলের মতামত জানতে চান। আগামীকাল বুধবার বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বিশেষ অধিবেশন। ওইদিন বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, সিনেটের কাজ হচ্ছে বার্ষিক বাজেট পাস ও উপাচার্য প্যানেল নির্বাচন করা। এবার পূর্ণাঙ্গ সিনেট নিয়ে নির্বাচন করা হবে তিন সদস্যের উপাচার্য প্যানেল। সেখানে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আলোচনায় আছেন চার অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই প্যানেল থেকেই আগামী চার বছরের জন্য একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেবেন।