সম্প্রতি দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। গণরুমে নোংরা পরিবেশের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ঝুঁকি নিয়ে দিনযাপন করতে হচ্ছে শিক্ষার্থীদের। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের সহায়তায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদ। নিয়মিত মশা নিধন কর্মসূচির পাশাপাশি রয়েছে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি।
প্রশাসন ও হল সংসদের উদ্যোগে ইতোমধ্যেই নিজস্ব ফকার মেশিন কেনা হয়েছে। এখন থেকে নিয়মিত ডেঙ্গু মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
আগামীকাল সকাল ৯ ঘটিকায় হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের উদ্যোগে আবাসিক শিক্ষকদের উপস্থিতিতে হলের পরিচ্ছন্নতা কর্মচারীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হবে। পুরো সপ্তাহ জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া হল সংসদের উদ্যোগে হলে দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দেয়া হবে যেন যেকোন প্রয়োজনে শিক্ষার্থীরা হল কর্মচারীদের পাশে পায়।

হল সংসদের জিএস মেহেদী হাসান মিজান এ বিষয়ে বলেন, ডেঙ্গুর ভয়াবহতা যেন কোনভাবেই ছড়িয়ে না পড়ে সেজন্য মুহসিন হলে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। পাশাপাশি আমরা নিয়মিত মশা নিধন কর্মসূচি অব্যাহত রাখব।