একটি মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: ঢাবি উপাচার্য

১৭ এপ্রিল ২০১৯, ০৩:০৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে নিয়ে একটি মহল দুরভিসন্ধিমূলকভাবে বিতর্ক সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত। তারা বিভিন্ন গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

এ ধরণের অপতথ্যের মাধ্যমে একটি জাতিকে অপরাধ প্রবণ জাতিতে পরিণত করা হয় উল্লেখ করে তিনি আরো বলেন, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

আজ বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপাচার্য ঐতিহাসিক মুজিবনগর দিবসকে বাংলাদেশের স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা দিবস হিসেবে অভিহিত করে বলেন, মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু’র ভিপি নুরুল হক নুর, এজিএস মো. সাদ্দাম হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের প্রতিনিধি অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য ঐতিহাসিক মুজিবনগর সরকারের পটভূমি তুলে ধরে বলেন, মুজিবনগর সরকারের দু’টি মূল ভিত্তি ছিল। এর একটি হলো ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা। আরেকটি হলো ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন।

মুক্তিযুদ্ধকালীন এ ধরণের নিয়মতান্ত্রিক সরকার বিশ্ব ইতিহাসে বিরল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং একই বছর ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় এ সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের নেতৃত্বেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল।

উপাচার্য বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল সেই সূর্য আবার নতুনভাবে উদিত হয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬