বিক্ষোব্ধ শিক্ষার্থীরা উপ-উপাচার্যের কাছে ভোট কারচুপির অভিযোগ করছে © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে ছাত্রলীগ ছাড়া অন্য সকল সংগঠনগুলো নির্বাচন বর্জন করেছেন। সংগঠনগুলো পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন মহল মন্তব্য করছে। এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে এক বিবৃতি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এতদাঞ্চলের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হলো এ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিগত ২৮ বছরের অচলায়তন ভেঙে ১১ মার্চ ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত ডাকসু ও হল নির্বাচন; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এছাড়াও ঢাবি শিক্ষক সমিতি উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল দলমতের শিক্ষার্থীদের সমন্বয়ে নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অনাকাংঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং যথারীতি এ হলেও পরবর্তীতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; নির্বাচন শেষে ঘোষিত ফলাফলও সকলেই মেনে নিয়েছেন।
রোকেয়া হলের ঘটনাটি এক গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। কেননা, চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রেরিত ট্রাংকের মধ্যে থাকা অব্যবহৃত ব্যালট নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করার অপপ্রয়াস চালিয়েছে। এছাড়া অবশিষ্ট সকল হলে গণতান্ত্রিক রীতিনীতিকে অনুসরণ করে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, এ নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে মহল বিশেষ তাদের পরিকল্পিত ষড়যন্ত্র চরিতার্থকরণে ব্যর্থ হয়েছে।
নির্বাচন পরবর্তী ঘোষিত ফলাফল পর্যালোচনায় আমরা বলতে পারি, এ নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সচেতন শিক্ষার্থী সমাজ তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পেরেছে এবং প্রত্যাশা অনুযায়ী নিজেদের প্রতিনিধি নির্বাচনে তারা সফল হয়েছে। আমরা ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানাই এবং এ বিশ্ববিদ্যালয়ের অব্যাহত অগ্রযাত্রায় তাদের আন্তরিক সহযোগিতা প্রকাশ করি।