হামলার পর টিএসসিতে বাম জোট ও কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের মিছিল © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ কোটা সংস্কারের আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন।
বেলা একটার দিকে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদেরকে নিয়ে নুরুল হক ক্যাম্পাসের টিএসসি এলাকায় গেলে তাদে ওপর হামলা চালানো হয়। পরে ছাত্রদল ও বাম জোটের নেতাকর্মীরা সেখানে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা নুরুল হক নুরের নেতৃত্ব একটি মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি এলাকয় পৌছালে সেখানে ছাত্রলীগের ২৫-৩০জন নেতাকর্মী হামলা চালালে সবাই টিএসসির ভেতরে আশ্রয় নেন। পরে সেখানে ছাত্রদল ও বাম জোটের নেতাকর্মীরা গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান।
এর কিছুক্ষণ পরেই ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া কোটা সংস্কার আন্দেোলনের নেতাকর্মী ও অন্যান্যরাও পাল্টা মিছিল ও স্লোগান দিচ্ছেন।
টিএসসিতে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খন্দকার আনিছুর রহমান (অনিক) সাংবাদিকদেরকে বলেন, ‘এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ আমাদের উপর হামলা চালিয়েছে। কেন এ হামলা জানি না। কারচুপির নির্বাচন ঠেকাতে এই হামলা করা হয়েছে বলে আমরা মনে করছি।’
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও ক্যাম্পাসের ভিসি চত্বরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন বলে জানা গেছে।