সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে ভিপি পদে অস্বীকার করে উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের একাংশ। সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন দলটির কেন্দ্রীয় সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন গ্রুপের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের একাংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। যা আজ সকাল থেকেও শুরু হয়।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে ভিসি ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসুর ফল ঘোষণা করেন। ফল অনুযায়ী সরকারবিরোধী প্যানেল হিসেবে পরিচিত বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা নুরুল হক নুর ভিপি নির্বাচিত হয়েছেন। সে সময়ও নুরের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা ‘এ ফলাফল মানি না, মানব না’ ‘নুরের চামড়া, তুলে নেব আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। এতে অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলেও কর্মীরা বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, নির্বাচনের ফল অনুযায়ী ১১ হাজার ৬২ ভোট পেয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। অন্যদিকে জিএস পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাশেদ খান পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট। এছাড়াও এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন; তার ভোট সংখ্যা ১৫ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।
মূলত ওই ফল অনুযায়ী নুরকে ভিপি হিসেবে অস্বীকার করেই বিক্ষোভে নেমেছে শোভনপন্থীরা।