প্রচারণায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা © সংগৃহীত
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। বুধবার সকাল ১১টার দিকে মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন তারা। পরে কলা ভবন, বাণিজ্য অনুষদ, কলা অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, হাকিম চত্বরে প্রচারণা চালানো হয়।
প্রচারণায় কেন্দ্রীয় কমিটির সভাপতি জিএম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজীব দাস, সাংগঠনিক সম্পাদক হাসিব মোহাম্মদ আশিকসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, আমরা প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের মাঝে প্রচারণার পাশাপাশি মধুর ক্যান্টিনে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেছি।
তিনি বলেন, প্রশাসন হলে আমাদের দাবি অগ্রাহ্য করে ভোটকেন্দ্র রেখেই তফসিল ঘোষণা করেছে। তবে পরিবেশ পরিষদে আমরা যেসব দাবি তুলে ধরেছি তা নিয়ে সোচ্চার থাকব। একই সঙ্গে ভোটের প্রস্তুতিও নিব।