আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের জয় অব্যাহত রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ছাত্রলীগের প্রায় দুই-শতাধিক নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে শোডাউন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
রোববার দুপুর ১টায় মোটরসাইকেল শোডাউনটি চবির রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে শহীদ মিনার, প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে ১নং রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সুজয় বড়ুয়া ও জেএস সোমেন দত্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে সুজয় বড়ুয়া বলেন, চবি ছাত্রলীগ শোভন-রাব্বানী ভাইয়ের দিকনির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি এবং জামায়াত-শিবিরের সকল ষড়যন্ত্র মোকাবেলা ও প্রতিহত করতে প্রস্তুত আছে।
এছাড়া জেএস সোমেন দত্ত বলেন, চবি ছাত্রলীগ বিএনপি এবং জামায়াত-শিবির ছাত্রলীগের ভিতর ঘাপটি মেরে বসে থাকা প্রেতাত্মার সকল নীলনকশা ভেঙে দিতে প্রস্তুত রয়েছে ।
এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক উপধর্ম বিষয়ক সম্পাদক রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা কাজী নজরুল ইসলাম রিয়াজ, নাইমুল হাসান, রিহাত, রায়হান, তানজীম, দেলোয়ার, আলতাফ হোসেন, আরিফ, রানা, তানভীর, সৌরজিৎ, রায়হান, বাবু গিয়াস, শফিক, ওয়াহিদ প্রমুখ।