সমাবর্তন উপলক্ষে উচ্ছ্বাসরত শিক্ষার্থীরা। © সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন আজ শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক সংখ্যক গ্রাজুয়েট অংশগ্রহণ করবেন। এবার সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ২১ হাজার ১১১ জন গ্রাজুয়েট।
এ বছর মোট তিনটি ভেন্যুতে সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ মূল ভেন্যু এবং রাজধানীর অধিভুক্ত সাতটি কলেজের জন্য কেন্দ্রীয় খেলার মাঠের বাইরে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থাকবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ভিসি কার্যালয়সংলগ্ন আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ৫১তম সমাবর্তন প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।
এদিকে সমাবর্তন অনুষ্ঠান সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ভিসি আখতারুজ্জামান। তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাজধানীর অধিভুক্ত সাত সরকারি কলেজের রেজিস্ট্রেশন করা গ্রাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।
এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।
সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে ভিসি বলেন, সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।