ঢাবি নিয়ে ডুয়া-ডুজার মতবিনিময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হবেনা। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) তাদের আর্থিক সহযোগিতা করবে। স্নাতক শেষ না হওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে সংগঠনটির সচেষ্ট প্রয়াস থাকবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র (ডুয়া) নেতৃবৃন্দ। অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রচার ও জনসংযোগ উপ-কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, মহাসচিব রঞ্জন কর্মকার, প্রচার ও জনসংযোগ উপকমিটি আহ্বায়ক উম্মে বাতুল মাহমুদা খাতুন মীনা ও সদস্য সচিব কাজী মোয়াজ্জেম হোসেন, সদস্য লতিফুল আলম খান ও সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নসহ সমিতির সদস্যরা।
মতবিনিময়কালে অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর অর্থের অভাবে পড়াশুনা বন্ধ হবে না- আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যদি কেউ অর্থের অভাবে পড়তে না পারে সে যেন আমাদের কাছে চলে আসে। আমরা তার খরচ দিব। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের বৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে সবসময় গুরুত্ব দেই। পাশাপাশি গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি নিয়েও আমাদের প্রচেষ্টা থাকবে। এসময় তিনি পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয় গড়তে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিবেন বলেও জানান।
মহাসচিব রঞ্জন কর্মকার বলেন, আমরা কিছু সামাজিক উদ্যোগ গ্রহণ করেছি। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক এ বিষয়গুলো নিয়ে আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কাজ করছে। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।