ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এবার মোট আবেদনকারী ৮১ হাজার ৯৬ জন। প্রতি আসনের জন্য ৪৬ ভর্তিচ্ছু লড়াই করবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ১৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন। ফলে প্রতি আসনের জন্য ৪৬ জন ভর্তিচ্ছু লড়াই করবে।পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। হাজারীবাগে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো, নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ।
এছাড়া লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।