ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবার ‘খ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়াই করে ১৪ জন ভর্তিচ্ছু।
এদিকে প্রশ্ন ফাঁস ও ভর্তি জালিয়াতি রুখতে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায়- এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো। অসদুপায় অবলম্বন রোধে সক্রিয় ছিলো ভ্রাম্যমাণ আদালতও।
বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ। এ বছর ২৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫,৭২৬জন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগের রাত থেকেই কঠোর গোয়েন্দা নজরদারি ছিল। আমাদের কাছে কোন ধরনের জালিয়াতির খবর আসেনি। পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
এদিকে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাঁচতলায় পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপ- উপাচার্য ড. সামাদ, ট্রেজারার ড. কামাল উদ্দিন, রেজিস্টার এনামুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমূখ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। এবারে বিশেষ গোয়েন্দা নজরদারির কারণে কোন রকমের কোন প্রশ্ন ফাঁস বা জালিয়াতির খবর আসেনি। বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রগুলোর পাশাপাশি বাইরের কেন্দ্রেগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত আছে।