ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এবার ফলে প্রতি আসনের জন্য ১৪ জন ভর্তিচ্ছু লড়াই করবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় , ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ।
এ বছর ২৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫,৭২৬জন। ফলে প্রতি আসনের জন্য ১৪ জন ভর্তিচ্ছু লড়াই করবে।
পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।