ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমার্বতনের বক্তা পরিবর্তন করে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে চূড়ান্ত করা হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে প্রথমে লাইবেরিয়ার শান্তিতে নোবেলজয়ী লিমা বওইকে আমন্ত্রণ করা হলেও তিনি আসতে অস্বীকৃতি জানালে এই পরিবর্তন আনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমার্বতন বক্তা হিসেবে শান্তিতে নোবলে বিজয়ী লিমা বওইকে চূড়ান্ত করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি তাঁকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়ারও কথা ছিলো।
ঢাকা বিশ্ববিদ্যােলয়ের সমাবর্তনে আসতে না পারার কারণ জানতে যোগাযোগ করা হয় লিমা বওই এর কাছে। জবাবে মিস বওই ফাইন্ডেশনের পক্ষ্ থেকে সারাহ নামে তার প্রতিনিধি জানান, আমন্ত্রণ পেয়ে বওই অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু সিডিউল ব্যবস্তার কারণে তা ফিরিয়ে দিতে হয়েছে।
এদিকে সমাবর্তন বক্তা পরিবর্তনের বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আক্তারুজ্জামান বলেন, লিমা বওই অক্টোবরের আরো পরের দিকে সমাবর্তন অনুষ্ঠানের কথা বলেছিলেন। কিন্তু আমাদের পক্ষে তারিখ পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য তার পরিবর্তে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে সমাবর্তন বক্তা ঠিক করা হয়েছে। এর মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় এমন একজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পারবে বলেও জানান ঢাবি উপাচার্য।
প্রসঙ্গত, ৬ অক্টোবর ঢাবির ৫১ তম সমাবর্তন হওয়ার কথা রয়েছে। সমার্বতন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই একটি নির্বাহী কমিটি ও একটি ব্যবস্থাপনা এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।