আলোচনা সভায় উপস্থিতিরা © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ইস্যুতে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সাথে আলোচনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবেশ পরিষদের এই সভা শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলছে।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ হল প্রাধ্যক্ষরা।
আর ছাত্রসংগঠনগুলোর পক্ষে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। এছাড়াও বাম সমর্থিত ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত আছেন।
এর আগে ছাত্রদলের প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিশেষ ব্যবস্থাপনায় নিরাপত্তা দিয়ে আলোচনা সভাস্থলে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর।