ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাণিজ্যে বিভাগের ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গত কয়েক বছর ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে চান্স পাওয়া শিক্ষার্থীদের নাম বেরিয়ে আসায় এবার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল ১০টা থেকে বাণিজ্য বিভাগের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দূরের বিভিন্ন স্থান থেকে আসা ভর্তিচ্ছু ছাত্রদের আনাগোনায় ক্যাম্পাস পেল নতুন আমেজ।
ভর্তি পরীক্ষা প্রসঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘আমরা পরীক্ষা সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছি। এবার বেশিরভাগ কেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় তেমন ঝুঁকি নেই। প্রতিবছরের মতো জালিয়াতির বিরুদ্ধে কড়া নজরদারি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভর্তি জালিয়াতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভর্তি হওয়ার পরেও যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরও বহিষ্কার করা হবে। গত বছরের চেয়েও পরীক্ষা কেন্দ্রগুলো এবার কঠোর নজরদারিতে রাখা হবে।কোন প্রকার জালিয়াতি সম্পর্কে তথ্য থাকলে প্রক্টর অফিসে জানানোর জন্য আহ্বান জানান তিনি।