ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-১৯ সেশনে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কাজ করবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস একথা জানান।
বিশ্ববিদ্যালয় টিএসসি ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রলীগ। এসময় অন্যদের মধ্যে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ডিইউডিএসের সভাপতি এস এম রাকিব, স্লোগান ৭১ এর সভাপতি কাজী সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, প্রশ্ন ফাঁসসহ সকল অপ্রীতিকর ঘটনায় আমরা ২/৩শ শিক্ষার্থী নিয়ে ২০-৩০টি টিম করব। এরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের সহযোগিতা করবে। প্রশ্নফাঁস ঠেকাতে প্রয়োজনে আমরা আগের রাতে বিভিন্ন হলগুলোতে অবস্থান নেব। বিভিন্ন রুমে গিয়ে চেক করব কেউ এধরনের কোন কাজের সাথে জড়িত আছে কিনা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে কি হয়ছে সেটা না দেখে এখন যদি কেউ অন্যায় করে তবে সে যে সংগঠনেরই হোক না কেন তা প্রকাশ করার সাহস আমাদের আছে। ছাত্রলীগের কেউ যদি ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেব।
এসময় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবীরাই ভর্তি হয় আমরা সেটাই চাই। একজন অমেধাবীও যেন বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে না পারে সে বিষয়ে শিক্ষার্থীরা সতর্ক থাকবে।