প্রধানমন্ত্রীর আগমন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭ মার্চ ভবন উদ্বোধন করতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যাম্পাসে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কারণে ঐ সময় সর্বসাধারণকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ৭ মার্চ ভবন আগামীকাল শনিবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় এই ভবন উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে আগামীকাল প্রধানমন্ত্রী আনুমানিক বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে ঐ সময় ক্যাম্পাসে সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। এক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।