আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক © টিডিসি
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, শিক্ষার্থীদের যেকোন ইতিবাচক কাজকে সমর্থন জানাবে ছাত্রলীগ। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৪৩তম শাহাদাৎবার্ষিকী এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জীবন, সাবেক সহ-সভাপতি কাজী এনায়েত, সাবেক সাংগঠনিক সম্পাদক বি.এম এহতেশাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি জসীম হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন এবং সঞ্চালনা করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান।
সভায় বক্তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্মরণে শোক প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর কীর্তির ওপর আলোচনা করেন। এছাড়াও শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদানের চিত্র তুলে ধরেন।