সম্মিলিত শিক্ষার্থী সংসদের সংবাদ সম্মেলন © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নবনির্মিত ‘৭মার্চ ভবন’ উদ্বোধন করতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ আলপনা আঁকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থী সংসদ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সম্মিলিত শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ ও রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রলীগের সমন্বয়ে গঠিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দায় মেটানোর লক্ষ্যেই গত বুধবার এই সংসদ গঠিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদ, নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সনি প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ও বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী; বিষয়টি আমাদের সকলের জন্য গর্বের ও আনন্দের।
তাঁর এই আগমনকে আমরা তাঁর হৃদয় মন্দিরে চিরস্মরণীয় ভাবে প্রতিস্থাপন করে দিতে চাই। আমরা জানি প্রধানমন্ত্রী সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন ৭মার্চ ভবন উদ্ধোধন করতে। আমরা চাই, তাঁর আগমনের এই পুরো পথে আমাদের হৃদ মাঝারে থাকা ভালোবাসার সবটুকু রং মিশিয়ে আলপনা করে রঙিন করে তুলতে।
সে লক্ষ্যে সংগঠনের সবাই ৩১ আগস্ট সারাদিন প্রধানমন্ত্রীর আগমনী পথকে রঙিন করে তুলতে কাজ করবে। আমরা মনে প্রাণে লালন করি আমাদের এই আলপনা তার মনে চিরস্থায়ী জায়গা করে নিবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আনুমানিক দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। ৭ই মার্চ ভবন উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর আগমনকে আনন্দঘন করতে বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। রোকেয়া হলসহ পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।